যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপের আসর বসার আর মাত্র কয়েক মাস বাকি। তবে এই বিশ্বমঞ্চে ইরানের অংশগ্রহণ এখন চরম অনিশ্চয়তার মুখে। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেহরানে এক সাক্ষাৎকারে ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদী তাজ যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপ না খেলার জোরালো ইঙ্গিত দিয়েছেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের গণমাধ্যম তেহরানে এক সাক্ষাৎকারে তাজ বলেন, ‘আজ যা ঘটেছে এবং যুক্তরাষ্ট্রের এই আক্রমণের ফলে, এটা অসম্ভব যে আমরা (যুক্তরাষ্ট্রে) বিশ্বকাপ খেলতে যাবো। তবে ক্রীড়া প্রধানরাই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন।‘
ফিফা বিশ্বকাপে ইরান তাদের গ্রুপ পর্বের সব ম্যাচই খেলবে যুক্তরাষ্ট্রে। ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ইরান। এরপর ২১ জুন একই শহরে বেলজিয়ামের বিপক্ষে এবং সবশেষ ২৬ জুন সিয়াটলে মিশরের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলবে তারা।
এদিকে, তাজের ওই ঘোষণার কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। রবিবার (১ মার্চ) সকালে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি এবং বার্তা সংস্থা ইরনা আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করে।
খামেনির মৃত্যুতে ইরানে আগামী ৪০ দিন জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং আজ থেকে টানা ৭ দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।