চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর জার্মানিতে আরও এক অস্বস্তিকর অভিজ্ঞতার মুখে পড়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচ শেষে দলের বাস ভিনিসিউস জুনিয়রকে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় রেখেই বিমানবন্দরের উদ্দেশে রওনা দেয়।
ম্যাচ শেষে রিয়ালের দলীয় বাস দ্রুত বিমানবন্দরের পথে চলে যায়। তবে পুরো ম্যাচ খেলা ভিনিসিউস জুনিয়রকে বাধ্যতামূলক অ্যান্টি–ডোপিং পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। পরীক্ষার প্রক্রিয়া প্রত্যাশার চেয়ে বেশি সময় নেওয়ায় ক্লাবের লজিস্টিকস টিম সিদ্ধান্ত নেয়, দলীয় বাস ছাড়াই তাকে পরবর্তীতে আলাদা করে নিয়ে যাওয়া হবে।
ফিফার কঠোর অ্যান্টি–ডোপিং নীতির কারণে কোনো খেলোয়াড়ই এই পরীক্ষা এড়াতে পারেন না। নিয়ম অনুযায়ী, ম্যাচ–পরবর্তী র্যান্ডম পরীক্ষায় নির্বাচিত হলে খেলোয়াড়কে অবশ্যই অংশ নিতে হয়।