
মাহফিলের জন্য বাঁশ কাটতে গিয়ে মাদরাসা ছাত্রের মৃত্যু

মাহফিলের জন্য বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা ছাত্র আশরাফুল ইসলাম (১৮) এর মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ফেনী সদর উপজেলার শর্শদীর ফতেহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফুল ইসলাম নেয়ামতপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। সে বারাহিপুর জামিয়া ইসলামিয়া মাদরাসার শিক্ষার্থী।
মাদরাসার অধ্যক্ষ মমিনুল হক বলেন, ফেনী জামিয়া ইসলামিয়া মাদরাসার মাহফিলের আয়োজন চলছিল। এরই প্রস্তুতি হিসেবে ছাত্ররা বাঁশ কাটতে গিয়েছিল। সেখানে একটি বিদ্যুতের তারের সংস্পর্শে আসে আশরাফুল। পরে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী বলেন, মাদরাসার মাহফিলের বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ





