দীপ্ত নিউজ
সারাদেশ

‘মাইগ্রেন সারাতে’ যুবলীগ নেত্রীকে বাসায় ডেকে প্রত্যাহার হলেন ওসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
‘মাইগ্রেন সারাতে’ যুবলীগ নেত্রীকে বাসায় ডেকে প্রত্যাহার হলেন ওসি
ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রীর সঙ্গে আপত্তিকর কথোপকথনের তিনটি কল রেকর্ড ভাইরাল হওয়ার পর ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমানকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ফেনীর দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজীম নোমান ও দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনির তিনটি কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়ে।

অডিওতে মাইগ্রেনের ব্যথা সারানোর কথা বলে একটি সিএনজি রিজার্ভ করে দ্রুত যুবলীগ নেত্রীকে নিজের বাংলোতে আসতে বলেন ওসি ফয়জুল আজীম নোমান। এ সময় তিনি বলেন, যত টাকা লাগে একটি সিএনজি রিজার্ভ করে সরাসরি বাসায় চলে আসতে।

কোনো সমস্যা হবে কি না, যুবলীগ নেত্রী জানতে চাইলে ওসি বলেন, ‘ওসি থাকলে সব ঠিক। কোনো সমস্যা হবে না।’ এ সময় যুবলীগ নেত্রী ওসিকে ‘আঙ্কেল’ সম্বোধন করলে তিনি মনঃক্ষুণ্ন হন।

প্রকাশিত ওই অডিওতে মামলা, কারাবাস, আর্থিক লেনদেন, পরিবারের সদস্যদের হুমকি ও অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া নিয়ে দুজনের মধ্যে উত্তপ্ত কথোপকথন শোনা যায়।

ফোনালাপে তাজকিয়া তানিন সনি দাবি করেন, একটি মামলায় তাকে কারাবাস করতে হয়েছে। জামিন পেতে ব্যয় হয়েছে দুই লাখ টাকা।

দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনিকে গত ১০ নভেম্বর রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে দাগনভূঞা থানা পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাকে আদালতে পাঠানো হয়।

জামিনে মুক্তি পাওয়ার পর মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে দুজনের কথোপকথনের অডিও ফাঁস হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে অডিও ছড়িয়ে পড়ার পর এক ভিডিও বার্তায় তাসকিরা তানিন সনি অভিযোগ করেন, গ্রেপ্তারের পর থানা হাজতে ওসি তার সঙ্গে শ্লীলতাহানি করেছেন এবং তাকে আলিঙ্গনের অনুরোধ জানিয়েছেন।

অন্যদিকে, এসব অভিযোগ অস্বীকার করেছেন দাগনভূঞা মডেল থানার ওসি ফয়জুল আজীম নোমান। তবে কল রেকর্ডে নিজের কথোপকথনের বিষয়টি স্বীকার করে তিনি বলেন, আসামিকে গ্রেপ্তার করতে তিনি ভিন্ন পন্থা অবলম্বন করেছেন। পুলিশের কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

ফোনালাপের আরেক পর্যায়ে তাসলিফ নামের এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ এবং দুই লাখ টাকা লেনদেনের বিষয়টি কাউকে না জানানোর প্রসঙ্গ তোলেন ওই নারী নেত্রী। তার স্বামী যুবলীগ নেতা পারভেজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তিনি।

তবে ওসি ফয়জুল আজিম নোমান ওই নারী নেত্রীর কাছ থেকে কোনো টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেন। তার দাবি, কার মাধ্যমে টাকা লেনদেন হয়েছে এবং নাশকতার পরিকল্পনায় কারা জড়িত, সে বিষয়ে তথ্য জানতে ওই নারীকে থানায় আসতে বলেছিলেন।

এ ঘটনায় এলাকায় আলোচনা–সমালোচনা চলছে। অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।