বগুড়া জেলার ঢাকা–বগুড়া মহাসড়কে একটি যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৯ জন।
বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—শিউলী বেগম (৪৮), তায়েবা খাতুন (৩৫) এবং মাইক্রোবাস চালক রিন্টু (৪৭)।
আহতরা হলেন– মোছা. ফাতেমা (১০), শহিদুল (৪০), তৌছিব (৩০), তাসমিয়া (২০), হেলেনা (৬০), তারিকুল (৩৬), ফাতেমা (১), আরহাম (৭) ও হামিম (৩০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে রংপুর জেলার কাউনিয়া যাচ্ছিল একটি হাইস মাইক্রোবাস (ঢাকা মেট্রো– চ ১৯–৩০৪১)। সকাল সাড়ে ৭টায় ছোনকা এলাকায় পৌঁছালে গাড়ির গ্যাস সিলিন্ডার হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি রাস্তার আইল্যান্ডে ধাক্কা খায়। মুহূর্তের মধ্যেই পুরো গাড়িতে আগুন ধরে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে যাত্রীদের অনেকেই গাড়ি থেকে বের হওয়ার সুযোগ পাননি। আগুনে পুড়ে ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক রিন্টুর মৃত্যু হয়।
ফায়ার সার্ভিস ওয়্যারহাউস ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্প ইনচার্জ রোকন উদ্দিন বলেন, এখন পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি জব্দ করেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এসএ