রাজধানীর মহাখালীতে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর পেছনে একটি পুরনো ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, মহাখালীর ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বেলা ১২টা ৪০ মিনিটে। আমাদের ৩টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
এর আগে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টা ১২ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে এসকেএস শপিং মলের পেছনে ব্রিটিশ আমেরিকান টোবাকোর পুরনো ভবনের পাশে ওই ভবনে আগুন লাগার খবর পান তারা।সংবাদ বিশ্লেষণ
ভবনটির ছাদে পরিত্যক্ত প্লাস্টিকের মালামাল রাখা ছিল। সেখানেই আগুনের সূত্রপাত হয়। সেখান থেকে ওঠা কালো ধোঁয়ার কুণ্ডলী বহু দূর থেকেও দেখা যায়।
পরে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বেলা পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।