রাশিয়ার রাজধানী মস্কোতে বাংলাদেশের স্বাধীনতার ৫৫তম বার্ষিকী উপলক্ষে এক জমকালো অনুষ্ঠান হয়েছে। স্থানীয় সময় রবিবার (২৯ মার্চ) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘ডিপ্লোম্যাটিক কোর’ সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত এই আয়োজনে দেড় শতাধিক অতিথি উপস্থিত ছিলেন।
রাশিয়ান অ্যাসোসিয়েশন ফর ইন্টারন্যাশনাল কো–অপারেশন (আরএএমএস) এবং রাশিয়ান ফ্রেন্ডশিপ সোসাইটি উইথ বাংলাদেশ–এর যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে দুই দেশের কূটনীতিক, সরকারি প্রতিনিধি, শিক্ষার্থী ও সাংবাদিকরা অংশ নেন।
অনুষ্ঠানে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের প্রেরিত স্বাগত বক্তব্য পাঠ করা হয়। এ সময় আরএএমএস–এর চেয়ারম্যান সের্গেই কালাশনিকভ এবং বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত এ জি খোজিন গুরুত্বপূর্ণ ভাষণ দেন।
বাংলাদেশি রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম তার বক্তব্যে স্বাধীনতা–পরবর্তী সময়ে বাংলাদেশের পুনর্গঠনে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের অসামান্য সহায়তার কথা কৃতজ্ঞতাভরে স্মরণ করেন এবং বর্তমান ভূ–রাজনৈতিক প্রেক্ষাপটে দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।
রাশিয়ান ফ্রেন্ডশিপ সোসাইটি উইথ বাংলাদেশ–এর সভাপতি মিয়া সাত্তার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বিভিন্ন ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ব্যক্ত করেন। তিনি বলেন, “জন–কূটনীতির (Public Diplomacy) প্রসার ঘটিয়ে দুই দেশের মধ্যকার পারস্পরিক সহযোগিতা ও মৈত্রী আরও সুদৃঢ় করা সম্ভব।”
সাংস্কৃতিক পরিবেশনা ও শিল্প প্রদর্শনীর মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। আয়োজকেরা আশাবাদ ব্যক্ত করেন যে, এ ধরনের সাংস্কৃতিক বিনিময় ভবিষ্যতে দুই বন্ধুপ্রতিম রাষ্ট্রের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।