দীপ্ত নিউজ
বাংলাদেশ

ময়লার ভাগাড় মাতুয়াইল থেকে পুরোপুরি সরিয়ে নেওয়া সম্ভব নয়: উপদেষ্টা রিজওয়ানা

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
ময়লার ভাগাড় মাতুয়াইল থেকে পুরোপুরি সরিয়ে নেওয়া সম্ভব নয়: উপদেষ্টা রিজওয়ানা

দ্রুত সময়ে রাজধানীর মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল (ময়লার ভাগাড়) পুরোপুরি সরিয়ে নেয়া সম্ভব নয় বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শনিবার (৫ এপ্রিল) দুপুরে রাজধানীর মাতুয়াইল এলাকা পরিদর্শন শেষে বায়ু দূষণ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান।

উপদেষ্টা বলেন, মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিলের আশপাশের এলাকার মানুষের জীবনযাত্রা এবং স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে। শিগগিরই এই ময়লার ভাগাড় মাতুয়াইল থেকে পুরোপুরি সরিয়ে নেওয়া সম্ভব নয়। পরিস্থিতির উন্নয়নে পার্শ্ববর্তী দুটি স্টিল মিল বন্ধে নির্দেশ দেওয়া হবে।

তিনি আরও বলেন, মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিলসহ কোনো জায়গাতেই কোনোভাবেই ময়লা পোড়ানো যাবে না। ব্যাটারি পোড়ানো বা ব্যাটারির সিসা আলাদা করা যাবে না। পরিবেশ অধিদপ্তর ব্যাটারি কারখানাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। অভিযোগ পাওয়া গেলে আবারও ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীর বায়ু মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে কমিটি গঠন করার কথাও জানান উপদেষ্টা।

পরিদর্শনকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া, পরিবেশ মন্ত্রণালয় উপসচিব (পরিবেশ) রুবিনা ফেরদৌসী, বন অধিদপ্তরের বন সংরক্ষক আরএসএম মুনিরুল ইসলামসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে মারাত্মক বায়ুদূষণ থেকে বাঁচতে মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল (ময়লার ভাগার) দ্রুত সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে আসছেন স্থানীয় এলাকাবাসী।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।