দীর্ঘ প্রায় সাড়ে ১৭ বছর পর ভোট দিলেন বিএনপি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নিজ উপজেলার মদন কোর্ট ভবন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে লাইনে দাঁড়িয়ে তিনি ভোট প্রদান করেন।
নেত্রকোনা–৪ (মদন–মোহনগঞ্জ–খালিয়াজুরী) আসনে ‘ধানের শীষ‘ প্রার্থী লুৎফুজ্জামান বাবর সপরিবারে ভোট প্রদান করে আনন্দ প্রকাশ করেন।
লুৎফুজ্জামান বাবর বলেন, ‘আমি যে ভোট দিতে পারছি বা নির্বাচন করতে পারছি, এর চেয়ে বড় রহমত আর কী হতে পারে? এজন্য আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া জানাই। দীর্ঘ প্রতীক্ষার পর আমার পরিবারের সদস্য সন্তানরা এখানে এসে ভোট দিচ্ছে। এটি তাদের প্রথম ভোট।’
তিনি আরও বলেন, ‘এখানে দেখবেন অনেক তরুণই প্রথমবার ভোট দিচ্ছে। এটি একটি বিরাট আশার ব্যাপার। আমাদের এলাকা আগেও শান্তিপূর্ণ ছিলো। এখনো শান্তিপূর্ণ আছে। আশা করি, বাংলাদেশের সমস্ত এলাকায় শান্তিপূর্ণ ও সুন্দরভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।’
উল্লেখ্য, সকাল সাড়ে ৭টা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে এ ভোটগ্রহণ।
এসএ