ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুস্পষ্টভাবে ফলাফলে কারচুপি হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে মগবাজার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলের জরুরি বৈঠক শেষে তিনি এমন অভিযোগ করেন।
নাহিদ বলেন, নির্বাচনে দুটি পক্ষ ছিল। সংস্কারের পক্ষে একটি, আরেকটি যারা পুরোনো বন্দোবস্ত ফিরিয়ে আনতে চায়।
তিনি আরো বলেন, নির্বাচনে সুস্পষ্টভাবে ফলাফলে কারচুপি হয়েছে। অনেক আসনকে টার্গেট করে জোর করে, প্রশাসনকে ব্যবহার করে ফলাফল পরিবর্তন করে দেয়া হয়েছে। শেষ মুহূর্তে ১০ শতাংশ ভোটে কারচুপি হয়েছে।
ভোটে জেতা দলের প্রতি তিনি অভিযোগ করেন, আমরা যে প্ল্যানের কথা শুনেছি, সেটি বাস্তবায়ন করা হচ্ছে। যেভাবে হামলা এসেছে, এই দলের কাছে কীভাবে মানুষ নিরাপদ থাকবে তা প্রশ্ন উঠেছে।
ব্রিফিংয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, নির্বাচনকে আমরা স্বাগত জানিয়েছিলাম। বাংলাদেশ স্থিতিশীল হবে সে প্রত্যাশা ছিল। কিন্তু তারা অস্থিতিশীলতার দিকে ঠেলে দিলে তা হবে দুর্ভাগ্যজনক হবে। কারণ একটা সময় পর্যন্ত ভোট ভালো দেখানো হয়েছে। তবে ভোট গণনা উল্টোভাবে হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘এ দেশের মানুষের অধিকার রক্ষা করা আমাদের দায়িত্ব। আমরা তাদের সঙ্গে থেকে দেশের উন্নয়নে কাজ করতে চাই। ১১ দলীয় জোটকে সমর্থন দেওয়ার জন্য আমরা জনগণকে ধন্যবাদ জানাই।’