মঙ্গলবার, মে ১২, ২০২৬
মঙ্গলবার, মে ১২, ২০২৬

ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সারা দেশের ভূমি মালিকদের আগামী ৩০ জুনের মধ্যে বকেয়াসহ চলতি অর্থবছরের ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধের নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। সম্প্রতি এক জরুরি নির্দেশনায় এ তথ্য জানানো হয়। জমি সুরক্ষিত রাখতে এবং আইনি জটিলতা এড়াতে ডিজিটাল পদ্ধতিতে এই কর পরিশোধের ওপর জোর দিয়েছে সরকার।

মন্ত্রণালয়ের বার্তায় জানানো হয়েছে, নাগরিকরা এখন কোনো রকম ঝামেলা ছাড়াই ঘরে বসে land.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে খাজনা পরিশোধ করতে পারবেন। ভূমি ব্যবস্থাপনাকে সম্পূর্ণ স্মার্ট ও স্বচ্ছ করার লক্ষ্যে এই ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালু করা হয়েছে।

ভূমি মন্ত্রণালয় জানায়, কর পরিশোধের জন্য নাগরিককে প্রথমে নির্ধারিত পোর্টালে গিয়ে নিবন্ধন করতে হবে। নিবন্ধিত হওয়ার পর খতিয়ান ও জোত সংক্রান্ত তথ্য প্রদান করলে করের পরিমাণ জানা যাবে। পরবর্তী সময়ে মোবাইল ব্যাংকিং বা কার্ডের মাধ্যমে তা পরিশোধ করা যাবে।

সাধারণত সরকারি অর্থবছর ৩০ জুন শেষ হয়। বছরের হিসাব চুকিয়ে দিতে এবং বকেয়ার ওপর সম্ভাব্য সুদ বা আইনি জটিলতা এড়াতে এই সময়ের মধ্যেই খাজনা পরিশোধ করা বাঞ্ছনীয়।

ভূমি মন্ত্রণালয় আশা করছে, অনলাইন পদ্ধতি চালুর ফলে সাধারণ মানুষকে আর ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে লাইনে দাঁড়াতে হবে না। এতে মানুষের সময় ও অর্থ সাশ্রয় হওয়ার পাশাপাশি মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ হবে এবং ভূমি কর আদায়ে স্বচ্ছতা আসবে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More