সোমবার, মার্চ ৯, ২০২৬
সোমবার, মার্চ ৯, ২০২৬

কিরগিজস্তানে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা জটিলতায় প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
কিরগিজস্তান অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা নবায়ন ও প্রবেশ সংক্রান্ত জটিলতা নিরসনে প্রধানমন্ত্রী'কে খোলা চিঠি দিয়েছেন দেশটিতে অধ্যয়নরত শিক্ষার্থী নেতা।

কিরগিজস্তান অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা নবায়ন ও প্রবেশ সংক্রান্ত জটিলতা নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করে খোলা চিঠি দিয়েছেন দেশটিতে অধ্যয়নরত শিক্ষার্থী নেতা সালমান ফারসী সিয়াম।

খোলা চিঠিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে ভিসা নবায়ন ও দেশেবিদেশে যাতায়াতে নানা বিধিনিষেধ কারণে শত শত বাংলাদেশি শিক্ষার্থী অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। বিশেষ করে মেডিকেল শিক্ষার্থীরা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

অনেক শিক্ষার্থী ছুটিতে বাংলাদেশে এসে আবার কিরগিজস্তান ফিরতে পারছেন না। আবার কেউ কেউ ভিসা নবায়নের জটিলতায় বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হতে পারছেন না। এতে করে তাদের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি আর্থিক ও মানসিক চাপের মুখে পড়তে হচ্ছে।

চিঠিতে ৩টি দাবি তুলে ধরা হয়। এগুলো হলো— কিরগিজস্তান সরকারের সঙ্গে কূটনৈতিকভাবে দ্রুত আলোচনা করে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা জটিলতার সমাধান করা, উজবেকিস্তানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে কিরগিজস্তান অধ্যয়নরত শিক্ষার্থীদের সহায়তায় সক্রিয় ভূমিকা পালনে নির্দেশনা দেয়া এবং বর্তমানে দেশে আটকে থাকা বা ভিসা সমস্যায় পড়া শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা।

চিঠিতে আরও বলা হয়, কিরগিজস্তান অধ্যয়নরত বাংলাদেশি মেডিকেল শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করে দেশের স্বাস্থ্যখাতে অবদান রাখার স্বপ্ন দেখেন। তবে বর্তমান পরিস্থিতিতে তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে।

শিক্ষার্থীরা আশা প্রকাশ করেছেন, প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি ও কার্যকর উদ্যোগে এ সংকট দ্রুত সমাধান হবে এবং শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারবেন।

 

মাসউদ/এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More