জামালপুরে ব্রহ্মপুত্র নদের উপর ড্রাম দিয়ে বানানো ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু হয়েছে। শনিবার ঈদের দিন দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ঝালুরচর এলাকার শের আলীর মেয়ে খাদিজা (১২), ছেলে আব্দুল মোতালেব (৬), একই উপজেলার ডাকাতিয়াপাড়া এলাকার জয়নাল মিয়ার মেয়ে মায়ামনি (১০), গামারিয়ার আবির (১৬) ও বালুগ্রামের রিহাদ (৮)।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা অভিযান চালিয়ে ৫ জনের মরদেহ উদ্ধার করে। এখনো অন্তত ৫ জন নিখোঁজ রয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন তারা।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জামালপুর-১ আসনের সংসদ সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসান হাবিব জানান, ভাসমান সেতু ভেঙে নদে ডুবে ৫ জন শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত একজনকে চিকিৎসা দেওয়া হয়।
দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মবিন খান জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করেছি, নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
দেওয়ানগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মেদ জানান, এ পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, নিখোঁজদের উদ্ধারে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশ কাজ করছে। সূত্র: সমকাল।