পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্তের ঠিক আগেই ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে পড়েছেন বাগেরহাটের কচুয়া বাজারের একাধিক ব্যবসায়ী।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোররাতে কচুয়া বাজারের ব্রিজসংলগ্ন মঘিয়া এলাকায় লাগা আগুনে অন্তত ৮টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে এবং আরও ৭টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ঘটনায় প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। খবর পেয়ে বাগেরহাট–২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, বাজার কমিটির নেতৃবৃন্দ, ফায়ার সার্ভিস কর্মকর্তা এবং পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয়রা জানান, ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে ভয়াবহ রূপ নেয়। বাজারের পাহারাদার আগুন দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে একটি সেলুন ও লন্ড্রি, বড় মুদি দোকান, একাধিক চায়ের দোকান, সার ও কীটনাশকের দোকান, ভ্যারাইটি স্টোর এবং মিষ্টি তৈরির জালঘর।
ক্ষতিগ্রস্ত ভ্যারাইটি স্টোরের মালিক আব্দুর রহমান বলেন, ঈদ উপলক্ষে দোকানে বিপুল পরিমাণ মালামাল মজুত করেছিলাম। আগুনে সবকিছু পুড়ে গেছে। আমি এখন সম্পূর্ণ নিঃস্ব।
মুদি দোকানি জিয়া বলেন, আজ চাঁদরাত, বেচাকেনার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ছিল। কিন্তু সব স্বপ্ন পুড়ে গেছে। এনজিও থেকে ঋণ নিয়ে দোকানে মাল তুলেছিলাম। এখন সামনে শুধু অন্ধকার দেখছি।
কচুয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জাফর মোল্লা জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে সুনির্দিষ্ট কারণ উদঘাটনে তদন্ত চলছে।
মামুন আহমেদ