পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বলেছেন, বৈঠক ভালো হয়েছে। আর ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, এখানে সব সময় ভালো লাগে।
বুধবার (৪ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন পল কাপুর ও ব্রেন্ট ক্রিস্টেনসেন।
এদিন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর কাছে বৈঠকে আলোচনার বিষয়, বিশেষ করে অস্ত্র কেনাকাটাবিষয়ক চুক্তি আকসা (একুইজিশন অ্যান্ড ক্রস-সার্ভিসিং অ্যাগ্রিমেন্ট) এবং অস্ত্রবিষয়ক গোপন তথ্য বিনিময় ও সুরক্ষার চুক্তি জিসোমিয়ার (জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন অ্যাগ্রিমেন্ট) নিয়ে প্রশ্ন করা হয়। তবে পল কাপুর কোনো জবাব না দিয়ে শুধুমাত্র বৈঠক ভালো হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় ত্যাগ করেন।
সকালে প্রথমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করেন তারা । পরে বসেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে।