বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে থেকে শুরু হয়েছে বৃষ্টি। এতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টিতে কমেছে তাপমাত্রা। স্বস্তি জনমনে ফিরেছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর–পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল ও রংপুর বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী বিভাগের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।
এছাড়া কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ প্রশমিত হওয়ার পাশাপাশি সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, বৃহস্পতিবার রাত পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবার বৃষ্টির পরিমাণ কমে যেতে পারে। এখন থেকে নিয়মিত বিরতিতে থেমে থেমে বৃষ্টি হওয়ার প্রবণতা থাকবে। আগামী কয়েকদিন এভাবেই বৃষ্টি ঝরবে।