পথচারীকে বাঁচাতে গিয়ে বগুড়া জেলায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয় প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী’র গাড়ি। এ ঘটনায় প্রতিমন্ত্রী ও বৃদ্ধা পথচারী নারী আহত হয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় শিবগঞ্জ উপজেলার কিচক বাজারের গোপীনাথপুর এলাকায় বগুড়া–জয়পুরহাট আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা থেকে জয়পুরহাট–২ আসনে যাচ্ছিলেন প্রতিমন্ত্রী। দুর্ঘটনায় তিনি ডান পায়ে সামান্য আঘাত পেয়েছেন। গাড়িতে তার স্ত্রীও ছিলেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান ।
তিনি জানান, স্ত্রীকে সঙ্গে নিয়ে প্রতিমন্ত্রী আব্দুল বারী ঢাকা থেকে জয়পুরহাট জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। সকাল ৯টার দিকে গোপীনাথপুর এলাকায় তার গাড়ি পৌঁছালে হঠাৎ ফিরোজা নামে এক বৃদ্ধা হঠাৎ দৌঁড়ে সড়ক পার হওয়ার চেষ্টা করেন। তাকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়িচালক নিয়ন্ত্রণ হারান। এতে গাড়িটি সড়কের পাশে ধানখেতে গিয়ে পড়ে।
ওসি আরও জানান, দুর্ঘটনায় বৃদ্ধা ফিরোজা আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য টিএমএসএস হাসপাতালে পাঠানো হয়।
এসএ