আজ ২২ সেপ্টেম্বর, বিশ্ব গন্ডার দিবস। বিপন্ন বন্যপ্রাণীদের মধ্যে অন্যতম গণ্ডার সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং এদের অস্তিত্ব রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণে মানুষকে উৎসাহিত করতে প্রতি বছর বিশ্বজুড়ে দিনটি পালিত হয়।
বিশ্বে বর্তমানে ৫ প্রজাতির গণ্ডার টিকে রয়েছে—একশৃঙ্গী (গ্রেটার ওয়ান–হর্নড), জাভান ও সুমাত্রান গণ্ডার (এশিয়ায়) এবং সাদা ও কালো গণ্ডার (আফ্রিকায়)।
আন্তর্জাতিক গন্ডার ফাউন্ডেশন ২০২৬ সালের হিসাব অনুযায়ী, বন্য পরিবেশে সাদা গণ্ডার রয়েছে প্রায় ১৫ হাজার ৭৫২টি। কালো গন্ডার রয়েছে প্রায় ৬ হাজার ৭৮৮টি। একশৃঙ্গ গন্ডারের সংখ্যা প্রায় ৪ হাজার ৭৫টি। জাভান ও সুমাত্রান গন্ডারের সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম।
২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার (ডব্লিউডব্লিউএফ)-এর উদ্যোগে প্রথম বিশ্ব গণ্ডার দিবস পালনের সূচনা হয়।
২০১১ সাল থেকে আন্তর্জাতিকভাবে ২২ সেপ্টেম্বর বিশ্ব গণ্ডার দিবস পালন করা হচ্ছে।
প্রায় ৫ কোটি বছর ধরে পৃথিবীতে টিকে আছে গন্ডার। কিন্তু মানুষের নানা কর্মকাণ্ডে এখন অস্তিত্ব সংকটে পড়েছে এই প্রাণী। অবৈধ শিকার, আবাসস্থল ধ্বংস এবং প্রজননের সুযোগ কমে যাওয়ায় বর্তমানে বিশ্বে সব মিলিয়ে প্রায় ২৭ হাজার গন্ডার টিকে আছে। ৫ প্রজাতির মধ্যে চারটিই বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে সুমাত্রান গন্ডার বিলুপ্তির অত্যন্ত ঝুঁকিতে রয়েছে।
গন্ডার একসময় আফ্রিকা, এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকার বিস্তীর্ণ অঞ্চলে বিচরণ করত। বর্তমানে তারা মূলত আফ্রিকার দক্ষিণ ও পূর্বাঞ্চলের সুরক্ষিত এলাকা এবং এশিয়ার কয়েকটি দেশে সীমিত হয়ে পড়েছে।
এসএ