শুক্রবার, জুন ৫, ২০২৬
শুক্রবার, জুন ৫, ২০২৬

বিশ্বকাপে পানির বোতল নিয়ে স্টেডিয়ামে প্রবেশ নিষিদ্ধ করলো ফিফা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
২০২৬ ফুটবল বিশ্বকাপের খেলা দেখতে আসা দর্শকদের পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল নিয়ে স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ফিফা।

২০২৬ ফুটবল বিশ্বকাপের খেলা দেখতে আসা দর্শকদের পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল নিয়ে স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা)

বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। তবে মাঠের লড়াই শুরুর আগে একেবারেই শেষ মুহূর্তে নীতিমালায় এই পরিবর্তন এনেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

বুধবার (৩ জুন) সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

দ্য অ্যাথলেটিক’ জানিয়েছে, নির্দেশিকা পরিবর্তন করে এখন পুনর্ব্যবহারযোগ্য বোতল বহনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফিফার হালনাগাদ করা আচরণবিধিতে বলা হয়েছে, ‘কোনো প্রকার সংশয় ছাড়াই জানানো যাচ্ছে যে পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল স্টেডিয়ামের ভেতরে আনা যাবে না।’

গত মাস পর্যন্তও ফিফার স্টেডিয়াম বিষয়ক আনুষ্ঠানিক আচরণবিধিতে উল্লেখ ছিল, ‘কোনো দ্বিধা ছাড়াই দর্শকেরা স্টেডিয়ামের ভেতরে সর্বোচ্চ ১ লিটার ধারণক্ষমতার খালি, স্বচ্ছ ও পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক বোতল নিয়ে প্রবেশ করতে পারবেন।’

বার্তা সংস্থা এএফপি’কে দেয়া বিবৃতিতে ফিফার এক মুখপাত্র জানান, নিরাপত্তার স্বার্থে এই নিয়ম পরিবর্তন করা হয়েছে। বিশ্বকাপের বেশ কয়েকটি ভেন্যুতে আগে থেকেই পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল ব্যবহারে নিষেধাজ্ঞা ছিল।

বিবৃতিতে বলা হয়, ‘খেলোয়াড়, রেফারি, দর্শক, স্বেচ্ছাসেবক ও কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তায় ফিফা প্রতিশ্রুতিবদ্ধ। খেলোয়াড় ও দর্শকদের যেকোনো ধরনের ঝুঁকি ও চোট থেকে রক্ষা করতেই বোতল নিষিদ্ধ করার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এতে আরও বলা হয়, ‘নিরাপত্তার কথা বিবেচনা করে বেশ কয়েকটি ভেন্যুতে আগে থেকেই বাইরের বোতল আনা নিষিদ্ধ ছিল। ফিফা এখন টুর্নামেন্টের সব স্টেডিয়ামেই এই নিয়ম কার্যকর করছে।’

উল্লেখ্য, আগামী ১১ জুন শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপ। ৪৮ দলের এ আসরে এবার অনুষ্ঠিত হবে রেকর্ড ১০৪টি ম্যাচ।

প্রসঙ্গত, গত বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপেও দর্শকেরা স্টেডিয়ামের ভেতরে পানির বোতল নিয়ে প্রবেশের অনুমতি পাননি।

 

এসএ

 

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More