২০২৬ বিশ্বকাপ শুরুর দিন মেক্সিকোর তরুন তুর্কি গিলবার্তো মোরার বয়স হবে ১৭ বছর ২৪০ দিন। এর মাধ্যমে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে এবারের বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছেন মোরা।
ফিফা প্রকাশিত ৪৮ দলের অফিসিয়াল তালিকা অনুযায়ী এবারের বিশ্বকাপে বিভিন্ন দলে ২২ জন টিনএজার অংশ নিচ্ছেন। রেকর্ড ১২৪৮ জন খেলোয়াড় ৪৮ দেশকে প্রতিনিধিত্ব করবে। যাদের মধ্যে টিনএজ মিডফিলডার মোরা সর্বকনিষ্ঠ। মোরার সামনে সুযোগ রয়েছে বিশ্বকাপে নিজের প্রতিভার প্রমান দিয়ে ইতিহাসের পাতায় নাম লেখানোর।
ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে এখনও পর্যন্ত বিশ্বকাপে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ফাইনালে গোল করার রেকর্ড ধরে রেখেছেন। ১৯৫৮ সালে শিরোপা জয়ী ব্রাজিলে খেলেছিলেন ১৭ বছর বয়সী পেলে। ২০১৮ সালে বিশ্বকাপ জয়ী ফ্রান্স দলে নিজের প্রতিভার জানান দিয়েছিলেন ১৯ বছর বয়সী কিলিয়ান এমবাপ্পে।
দুই দশক আগে ইংল্যান্ডের মাইকেল ওয়েন ১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপে ১৮ বছর বয়সে খেলতে নেমেছিলেন। বেশ কয়েকজন টিনএজার নিজ নিজ ক্লাবের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেই বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন। যাদের মধ্যে স্প্যানিশ দুই তারকা ১৮ বছর বয়সী লামিন ইয়ামাল ও ১৯ বছর বয়সী পও কুবারসি অন্যতম। জার্মানীর ১৮ বছর বয়সী লেনার্ট কার্ল বায়ার্ন মিউনিখের হয়ে নিজেকে সামনে এগিয়ে নিয়ে গেছেন।
আরও কিছু খেলোয়াড় যাদের বয়স ১৯ ছাড়িয়ে গেছে, তারাও প্রথমবারের মত বিশ্বকাপে অংশ নিচ্ছেন। ২০ বছর বয়সী ওয়ারেন জেইরি–এমেরে ও ২১ বছর বয়সী ডিসায়ার ডুয়ে ফ্রান্স দলের অন্যতম ভরসার নাম। দুজনেই দুইবারের চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী পিএসজির খেলোয়াড়।