শনিবার শুরু হচ্ছে টি–টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। বিশ্বকাপ মাঠে গড়াতে আর ২৪ ঘণ্টা বাকি। তবে শেষ মুহূর্তে একের পর এক চোটের ধাক্কায় বিপর্যস্ত সাবেক বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
টুর্নামেন্ট শুরুর মাত্র পাঁচ দিন আগে চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ পেসার জশ হ্যাজেরউড। তার বদলি কে হবেন, সে বিষয়ে এখনই চূড়ান্ত কিছু জানায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া।
এর আগে দলের আরেক গুরুত্বপূর্ণ পেসার প্যাট কামিন্সও ছিটকে যান বিশ্বকাপ থেকে। টি–টোয়েন্টি থেকে অবসর নেওয়া মিচেল স্টার্কও নেই অজি দলে।
ধারণা করা হচ্ছে, হ্যাজেলউডের সম্ভাব্য বিকল্প হতে পারেন পাকিস্তান সফর থেকে রিজার্ভ হিসেবে দলের সঙ্গে থাকা শন অ্যাবট ।
বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার শিবিরে আরও কিছু চোটের উদ্বেগ ছিল। অ্যাডাম জাম্পা পাকিস্তানের বিপক্ষে শেষ টি–টোয়েন্টিতে কুঁচকিতে অস্বস্তি অনুভব করলেও আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে পারবেন বলে জানানো হয়েছে। এছাড়া নাথান এলিস ও টিম ডেভিড (দুজনেরই হ্যামস্ট্রিং সমস্যা) গ্রুপ পর্বে ফিরতে পারেন বলে আশা করা হচ্ছে।
এই তিনজনই নেদারল্যান্ডসের বিপক্ষে কলম্বোতে নির্ধারিত ওয়ার্ম–আপ ম্যাচে খেলতে পারেননি। ম্যাচটি শেষ পর্যন্ত বৃষ্টিতে একটি বলও না গড়িয়েই পরিত্যক্ত হয়। তখন অস্ট্রেলিয়ার কাছে মাত্র ১১ জন ফিট খেলোয়াড়ই ছিল।