সঞ্চালন লাইন স্থানান্তর ও উন্নয়ন কাজের জন্য শনিবার (১৪ মার্চ) চাঁপাইনবাবগঞ্জ ও শেরপুর জেলার বেশকিছু এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) নালিতাবাড়ী উপজেলার আবাসিক প্রকৌশলী আব্দুল মোমিন এবং নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী মো. জুলফিকার আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
এরমধ্যে সঞ্চালন লাইন স্থানান্তর কাজের জন্য শনিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়াও ৩৩ কেভি লাইনে তার সরবরাহের কাজের জন্য শনিবার সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা শেরপুর জেলার ২ উপজেলায় বিদ্যুৎ থাকবে না।
এ বিষয়ে নেসকো শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী মো. জুলফিকার আলী সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এতদ্বারা নেসকো চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ দপ্তরের আওতাধীন সম্মানিত বিদ্যুৎ গ্রাহকগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, চাঁপাইনবাবগঞ্জ–সোনামসজিদ মহাসড়ক প্রশস্তকরণে শিবগঞ্জ ৩৩ কেভি লাইন স্থানান্তর কাজের জন্য শনিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সরকারি উন্নয়নমূলক কাজের স্বার্থে সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধের জন্য নেসকো কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।
অন্যদিকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) নালিতাবাড়ী উপজেলার আবাসিক প্রকৌশলী আব্দুল মোমিন জানিয়েছেন, নালিতাবাড়ী–শেরপুর মহাসড়কের গাজীরখামার এলাকায় বিদ্যুতের ৩৩ কেভি লাইনের তার সরবরাহের জন্য শনিবার নালিতাবাড়ী ও নকলা উপজেলায় সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এসএ