
বিজয়া দশমী আজ, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব

বিজয়া দশমী আজ। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
বুধবার (২১ অক্টোবর) সকালে বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে বিজয়া দশমীর ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এখন অপেক্ষা প্রতিমা বিসর্জনের।
শাস্ত্রীয় রীতি অনুযায়ী, এ বছর দেবী দুর্গা আগমন হয়েছে ঘোটকে (ঘোড়া) চড়ে এবং কৈলাসে গমন করছেন নৌকায়।
ভক্তরা দেবীর চরণে শেষ অঞ্জলি দিয়ে জানাচ্ছেন বিদায়। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখর হয়ে উঠেছে পূজামণ্ডপগুলো। চলছে দেবী দুর্গাকে বিদায় জানানোর প্রস্তুতি। দুপুর থেকে বিভিন্ন স্থানে সিঁদুর খেলা ও প্রতিমা বিসর্জনের প্রস্তুতি নেওয়া হবে। পরে প্রতিমা নিয়ে শোভাযাত্রা বের হবে বিসর্জন ঘাটের উদ্দেশ্যে।
নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সন্ধ্যার আগেই প্রতিমা বিসর্জনের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।
রাজধানীতে বিকাল ৪টায় ঢাকেশ্বরী মন্দির থেকে প্রতিমা শোভাযাত্রা শুরু হবে। শোভাযাত্রাটি পলাশী, জগন্নাথ হল, দোয়েল চত্বর, গুলিস্তান মোড়, নবাবপুর রোড ও রায়সাহেব বাজার হয়ে ওয়াইজঘাটে যাবে।
এর আগে, ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয় শারদীয় দুর্গাপূজা।
এসএ






এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।