দীপ্ত নিউজ
রাজধানী

বিএনপি পাওয়ারে গেছে বিধায়ই আমি ভিসি হয়েছি: জবি উপাচার্য

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
প্রকাশ:
বিএনপি পাওয়ারে গেছে বিধায়ই আমি ভিসি হয়েছি: জবি উপাচার্য
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্‌দীন।

 

‘বিএনপি পাওয়ারে গেছে বিধায়ই তো আমি ভাইস চ্যান্সেলর হয়েছি। এটা কি লুকানোর কিছু আছে? বহু সুশীল লোকজন তো ছিল’ — বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্‌দীন।

শুক্রবার (২১ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে জবি উপাচার্য এ কথা বলেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপাচার্য বলেন, ‘৫ আগস্টের পরে আমরা দেখেছি, তাদের পরিচয় কী আর কাজ কী, সেটাও দেখেছি। এখানে তো লুকানোর কিছু নেই। মানুষের পরিচয়, আত্মপরিচয় লুকানোর কিছু নেই। অবশ্যই আমার একটি পরিচয় আছে। আওয়ামী লীগের সেই ১৭ বছরের জুলুম সহ্য করেও আমি সেই পরিচয়ের কথা বলেছি।’

তিনি বলেন, বিগত ১৫–১৬ বছর যারা সেখানে উপস্থিত ছিলেন, তারা কোন শ্রেণির নাগরিক, তা নিজেরাও বুঝতে পারেননি। তাদের বাক্‌স্বাধীনতা, গণতান্ত্রিক স্বাধীনতা ও মানুষ হিসেবে বেঁচে থাকার স্বাধীনতা ছিল না। এ কারণে ২০২৪ সালের গণ–অভ্যুত্থান হয়েছে। ছাত্র–জনতা সেই পরিস্থিতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। আল্লাহ তাদের দীর্ঘদিনের জুলুম থেকে মুক্তি দিয়েছেন।

জবি উপাচার্য বলেন, গত দুই বছর অনেকেই নির্বিঘ্নে দেশে বসবাস করেছেন। কিন্তু গত কিছুদিন ধরে নৈরাজ্য দেখা যাচ্ছে। নড়াইলে স্বেচ্ছাসেবক দলের দুজন নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সংসদ সদস্যের বাড়ি ও হাসপাতালে অগ্নিসংযোগ করা হচ্ছে।

রইছ উদ্‌দীন বলেন, ‘১৫–১৬ বছরের যে দীর্ঘ ফ্যাসিবাদী আচরণ ছিল, সেই ফ্যাসিবাদী আচরণ এই বাংলাদেশে কারও দ্বারা যেন পুনরাবৃত্তি না হয়। যারা সুনাগরিক, আপনাদের সকলের রুখে দাঁড়ানো উচিত, সবাইকে প্রতিবাদ করা উচিত।’

তারেক রহমানের জন্মদিনে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা দেশের স্বার্থেই প্রত্যেক নাগরিকের দায়িত্ব বলে মন্তব্য করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য।