দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যানের পদ থেক শওকত মাহমুদকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকেও তাকে বহিষ্কার করেছে দলটির জাতীয় স্থায়ী কমিটি।
মঙ্গলবার (২১ মার্চ) দলটার সহ–দপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শওকত মাহমুদকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাতীয় স্থায়ী কমিটির সিদ্ধান্ত মোতাবেক বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
শওকত মাহমুদ জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি ছিলেন। বিএনপি ষষ্ঠ জাতীয় কাউন্সিলে তাকে দলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
প্রসঙ্গত, পেশাজীবী সমাজের ব্যানারে সমাবেশ করে সরকার পতনের ডাক দিয়েছিলেন শওকত মাহমুদ। সে সময়, ওই সমাবেশের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক ছিল না বলে জানিয়েছিলেন বিএনপির নেতারা। পরে সংগঠন পরিপন্থী কর্মকাণ্ডের কারণে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে কে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল দলটি।
এমবিআর/দীপ্ত সংবাদ