বুধবার, মার্চ ১৮, ২০২৬
বুধবার, মার্চ ১৮, ২০২৬

বাগেরহাটে পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বাগেরহাটের কচুয়া উপজেলায় পুলিশ সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।  বুধবার (১৮ মার্চ) বিকালে উপজেলার মঘিয়া ইউনিয়নের খলিশাখালী গ্রামে এ ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

পুলিশ জানায়, খলিশাখালী গ্রামের মৃত গফফার শেখের ছেলে ওয়ারেন্টভুক্ত আসামি নাদীম শেখকে (৩৩) গ্রেপ্তারে এসআই আনিচুর রহমান ও এএসআই ইমদাদুল ইসলামের নেতৃত্বে সাত সদস্যের একটি দল তার বাড়িতে অভিযান চালায়। এসময় পুলিশ নাদীমকে আটক করে নিয়ে আসার সময় তার ছোট ভাই সাগর শেখ দেশীয় ধারালো অস্ত্র (দা) নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। আসামি নাদীমকে ছিনিয়ে নিতে সাগর পুলিশ কনস্টেবল রাজু খানকে লক্ষ্য করে কোপ দিলে তার ডান হাত গুরুতর জখম হয়।

এ সুযোগে নাদীম ও সাগর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত কনস্টেবল রাজু খানকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুর রহমান জানান, পলাতক আসামিদের গ্রেপ্তার এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারে পুলিশ অভিযান শুরু করেছে। এছাড়া পুলিশের ওপর হামলার ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মামুন আহমেদ/এজে/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More