‘ইনসাফ প্রতিষ্ঠার লড়াইয়ে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশের প্রতিটি মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চল মুখ্য সংগঠক সারজিস আলম।
শুক্রবার (২৮ আগস্ট) লক্ষ্মীপুর চকবাজার জামে মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিক, মুসল্লি ও সাধারণ মানুষের উদ্দেশে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, আমাদের দল আলাদা হতে পারে, মত আলাদা হতে পারে; কিন্তু বিবেকের জায়গায় আমরা সবাই এক। সত্যকে সত্য, ন্যায়কে ন্যায় এবং ভালোকে ভালো বলার সৎসাহস আমাদের রাখতে হবে। একইভাবে মিথ্যা, অন্যায় ও জুলুমকে অন্যায়–জুলুম বলার সাহসও থাকতে হবে।
তিনি বলেন, ইনসাফ প্রতিষ্ঠার লড়াইয়ে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশের প্রতিটি মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। শুধু পরিচিত বা আলোচিত ঘটনার বিচার নয়, একজন অটোচালক, কৃষক কিংবা সাধারণ মানুষের সঙ্গে অন্যায় হলেও রাষ্ট্রকে তার বিচার নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, আমি যে পেশায় থাকি, যে দলেরই হই কিংবা যে ধর্মেরই হই আমার সঙ্গে অন্যায় হলে এই রাষ্ট্রকে আমাকে ন্যায়বিচার বুঝিয়ে দিতে হবে। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত হবে।
ওসমান হাদি হত্যার প্রসঙ্গে সারজিস আলম বলেন, হাদি বাংলাদেশের সার্বভৌমত্ব, ইনসাফ, ন্যায় ও মর্যাদার কথা বলেছিলেন। এই হত্যার বিচার না হলে বাংলাদেশের মানুষের বিচারব্যবস্থার ওপর আস্থা নষ্ট হয়ে যাবে। হত্যাকারী, তাদের সহযোগী ও চক্রান্তকারীদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনতে হবে।
তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষের জীবন দেওয়ার পরও যদি একজনকে এভাবে গুলি করে হত্যা করা হয়, তাহলে বুঝতে হবে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লড়াই এখনো শেষ হয়নি।’
এসএ