পূর্বঘোষণা ছাড়াই শনিবার ভোরে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে। নিরাপত্তাঝুঁকি এড়াতে মধ্যপ্রাচ্যের সব গন্তব্যে শনিবার সব ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
তবে গতকাল বাতিল হওয়া দুটি ফ্লাইট ছাড়ার সময় জানিয়েছে কর্তৃপক্ষ।
রবিবার (১ মার্চ) দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলামের পাঠানো বার্তায় এই সময় জানানো হয়।
এতে বলা হয়েছে, শনিবার বাতিল হওয়া ঢাকা থেকে মদিনাগামী ফ্লাইটটি (বিজি–৩৩৭) আজ বিকাল ৪টায় যাত্রা করবে।
অন্যদিকে, শনিবার বাতিল হওয়া ঢাকা থেকে জেদ্দাগামী ফ্লাইটটি (বিজি–৩৩৫) আজ সন্ধ্যা ৭টায় যাত্রা করবে।
উদ্ভূত পরিস্থিতিতে সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোর সঙ্গে যোগাযোগ করে বিমানবন্দরে আসার আহ্বান জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ–বেবিচক।
এসএ