সোমবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৬
সোমবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৬

ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আদলে দেশের সকল কৃষকের জন্য দ্রুততম সময়ের মধ্যে ‘স্মার্ট কৃষক কার্ড’ চালু করার নির্দেশ দিয়েছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘স্মার্ট কৃষক কার্ড বিতরণের কাজ শুরু করতে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সরাসরি সরকারের সেবা পাবেন এবং কৃষি উপকরণ সংগ্রহে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ হবে।

জহির উদ্দিন স্বপন আরও বলেন, ‘স্মার্ট কৃষক কার্ড চালুর বিষয়ে সিদ্ধান্ত আমাদের অনেক আগেই নেওয়া হয়েছিল। আজ প্রধানমন্ত্রী এটি বাস্তবায়নের লক্ষ্যে প্রথম বৈঠক করেছেন। আমাদের অঙ্গীকার ছিল, ফ্যামিলি কার্ডের পাশাপাশি কৃষক কার্ড দেওয়া। সেই লক্ষ্যেই পাইলট প্রকল্পের মাধ্যমে এর কাজ শুরু হতে যাচ্ছে।’

তিনি আরও বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী সভাপতিত্ব করেন। সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীগণ এ বৈঠকে উপস্থিত ছিলেন।

কৃষকরা এই কার্ডের মাধ্যমে কী কী সুবিধা পাবেন— এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সকল সুযোগসুবিধা এই কার্ডের আওতায় থাকবে।

এ সময় জহির উদ্দিন স্বপন আরও বলেন, ‘কৃষকরা কৃষি জ্ঞান, সার, কীটনাশক ও বীজসহ সকল ধরনের কৃষি উপকরণে সরকারি সহযোগিতা সরাসরি পাবেন। এছাড়া স্মার্ট পদ্ধতিতে বাজারের বর্তমান পরিস্থিতি, উৎপাদনের পূর্বাভাস ও আবহাওয়ার বার্তা কৃষকের হাতের নাগালে চলে আসবে। এর ফলে রাষ্ট্র সঠিক পরিকল্পনা গ্রহণ করতে পারবে।’

কৃষকদের জন্য আধুনিক যন্ত্রপাতি সহজলভ্য করা হবে বলেও জানান মন্ত্রী।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More