প্রতিটি গণমাধ্যমকে সংবাদ প্রচার করার আগে সংবাদের ফ্যাক্ট চেকিং নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে পাবনা জেলার সাঁথিয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ফ্যাক্ট চেকিং শর্ত পূরণ ছাড়া কোনো সংবাদ যদি প্রচারিত হয়, তাহলে ওই সংবাদ প্রকাশকারী সংশ্লিষ্টদেরকে আইনের আওতায় আনতে পারবো। অপতথ্য ছড়ানোর যে ঝুঁকি, সেটা মোকাবিলা করার জন্য এবং গণমাধ্যমের দায়িত্বশীলতা নিশ্চিত করতে ফ্যাক্ট চেকিং শর্ত আমরা জুড়ে দেবো।
তিনি বলেন, ‘স্বাধীনতাকে আমি যদি একটা দায়িত্বের সীমানার মধ্যে না আটকায়, তাহলে স্বাধীনতার নামে একটা নৈরাজ্য তৈরি হবে।
তিনি আরও বলেন, অপতথ্য ও বিকৃত তথ্যর মাধ্যমে সমাজ, রাষ্ট্র, রাজনীতি ধ্বংস তো হবে। এছাড়া নানা রকম বিশৃঙ্খলা তৈরি হতে পারে।
মতবিনিময় সভায় প্রেস ক্লাব আহ্বায়ক মীর নজমুল বারী নাহীদ সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, প্রধানমন্ত্রীর আলোকচিত্রি খালেদ হোসেন পরাগ, কেন্দ্রীয় যুবদল সাবেক সদস্য মাসুদুল হক মাসুদসহ ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।
এসএ