বহুল আলোচিত দুর্নীতি কাণ্ডে ঘুষ দেওয়ার কথা স্বীকার করেছেন আর্জেন্টিনার দুই ব্যবসায়ী হুগো জিনকিস ও তাঁর ছেলে মারিয়ানো জিনকিস। বিশ্বকাপ বাছাইপর্ব ও কোপা আমেরিকার মতো বড় ফুটবল প্রতিযোগিতার সম্প্রচার ও বিপণন স্বত্ব পেতে ফিফা কর্মকর্তাদের ঘুষ দেওয়ার কথা স্বীকার করেছেন তারা।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রসিকিউটরদের সঙ্গে সমঝোতায় পৌঁছে এই স্বীকারোক্তি দেন বাবা ছেলে। সমঝোতার শর্ত অনুযায়ী, তাদের কাছ থেকে ৫ কোটি মার্কিন ডলার বাজেয়াপ্ত করা হবে।
এর বিনিময়ে তাদের বিরুদ্ধে আনা প্রতারণার অভিযোগে বিচার আর এগোবে না। হুগো ও মারিয়ানো জিনকিস আর্জেন্টিনার ক্রীড়া বিপণন প্রতিষ্ঠান ফুল প্লের সহমালিক। ২০১৫ সালে ফিফাকে ঘিরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে শুরু হওয়া দুর্নীতি তদন্তের পর তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
আদালতে দাখিল করা নথি অনুযায়ী, ফিফা, কনকাকাফ ও কনমেবলকে প্রতারণা করে লাভজনক সম্প্রচার ও বিপণন স্বত্ব পাওয়ার পরিকল্পনা করেছিলেন জিনকিসরা।
এজন্য ফুটবল কর্মকর্তাদের কয়েক কোটি ডলার ঘুষ দেওয়ার অভিযোগও রয়েছে। অভিযোগ অনুযায়ী, ঘুষের লক্ষ্য ছিল ম্যাচের ফল প্রভাবিত করা নয়। বরং বিশ্বকাপ বাছাইপর্ব ও কোপা আমেরিকাসহ বিভিন্ন প্রতিযোগিতার মিডিয়া ও বিপণন স্বত্ব নিজেদের হাতে নেওয়াই ছিল মূল উদ্দেশ্য।
ফিফার দুর্নীতি কাণ্ড ঘিরে ২০১৫ সালে শুরু হওয়া তদন্তে সংস্থাটির পাশাপাশি কনকাকাফ ও কনমেবলের একাধিক কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তি ঘুষ, অর্থপাচার ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অভিযুক্ত হন।
পরে বিভিন্ন মামলায় অনেকেই অপরাধ স্বীকার করেন অথবা দোষী সাব্যস্ত হন। দীর্ঘদিন চলা মামলায় শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রসিকিউটরদের সঙ্গে স্থগিত বিচার–সমঝোতায় পৌঁছান জিনকিস বাবা ছেলে। তারা অপরাধ স্বীকারের পাশাপাশি ৫ কোটি ডলার বাজেয়াপ্ত করতে সম্মত হয়েছেন।