ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচন উপলক্ষে বিএনপি থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আলোচিত মডেল ও অ্যাক্টিভিস্ট ফারজানা সিথী।
শনিবার (১১ এপ্রিল) সকালে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মনোনয়ন ফরম সংগ্রহের পর ফারজানা সিথী বলেন, “আমি অফিসিয়ালি একটি ব্রিফ করব, তখন বিস্তারিত জানাব। নড়াইল–২ আসন থেকে আমি ফরম নিয়েছি। আমি আশাবাদী, আমি চূড়ান্তভাবে মনোনয়ন পাব।”
এর আগে, শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
যশোর জেলার বাসিন্দা ফারজানা সিথী। তিনি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘দ্য হাঙ্গার প্রজেক্ট‘, বাংলাদেশ‘—এর বরগুনা সদর শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ফারজানা সিথী ‘গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স‘ কলেজের ২০১৯–২০ সেশনের শিক্ষার্থী।
প্রসঙ্গত, ২০২৪ সালের ১৬ আগস্ট শাহবাগ এলাকায় এক ঘটনাকে কেন্দ্র করে সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ফারজানা সিথী আলোচনায় আসেন।
এসএ