দেশের আরও পাঁচ সিটি কর্পোরেশনে পূর্ণকালীন নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।
শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে এ– সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা হলেন— অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন (বরিশাল সিটি কর্পোরেশন), মো. মাহফুজুর রহমান (রাজশাহী সিটি কর্পোরেশন), মো. রুকুনোজ্জামান রোকন (ময়মনসিংহ সিটি কর্পোরেশন), মাহফুজ উন নবী চৌধুরী (রংপুর সিটি কর্পোরেশন) ও মো. ইউসুফ মোল্লা (কুমিল্লা সিটি কর্পোরেশন)।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপধারা (১) এর অনুবৃত্তিক্রমে বর্ণিত ব্যক্তিদের পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।
এতে আরও বলা হয়, নিয়োগ পাওয়া এসব প্রশাসক ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপ–ধারা (৩) অনুযায়ী সিটি কর্পোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। পাশাপাশি তারা বিধি অনুযায়ী ভাতা প্রাপ্য হবেন।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
এর আগে, ২২ ফেব্রুয়ারি ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণসহ দেশের ৬টি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ করেছে সরকার।
এসএ