‘মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছেন আমার দুলাভাই, আর দুলাভাইয়ের কাছে তো শালিদের অনেক দাবি থাকে’—বলে মন্তব্য করেছেন বিআরটিসি‘র পিংক কালার ‘মহিলা বাস’ সার্ভিস চালক এস কে ফাইমা।
মঙ্গলবার (১৮ আগস্ট) নারীদের যাতায়াত সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে ঢাকার সড়কে পিংক কালার ‘মহিলা বাস’ সার্ভিস সেবা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
নিজ এলাকার আঞ্চলিক সম্পর্কের সূত্রে প্রধানমন্ত্রী‘কে পুরো সিলেট এবং সিলাম ইউনিয়নের ‘দুলাভাই’ দাবি করে তাঁর কাছে শালী হিসেবে নানা প্রত্যাশা তুলে ধরেছেন চালক এস কে ফাইমা।
তিনি জানান, আমার বাড়ি সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার সিলাম ইউনিয়ন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান—উনি সিলেট জেলার দুলাভাই না, বিভাগের দুলাভাই না, উনি আমাদের সিলাম ইউনিয়নের দুলাভাই।
ফাইমা বলেন, ‘একই ইউনিয়নে আমার বাড়ি। তো মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছেন আমার দুলাভাই, আর দুলাভাইয়ের কাছে তো শালিদের অনেক দাবি থাকে।’
তিনি আরও বলেন, ‘আমরা যেহেতু সার্ভিসে আসছি, উনার উদ্যোগে একটা প্রজেক্ট চালু করেছেন। আর আমরা তো রিস্কের কাজে নিজেকে নিয়োজিত করেছি, সেবায় নিয়োজিত করেছি। যাতে বেটার সার্ভিস দিতে পারি সেদিকে উনি সুদৃষ্টি রাখবেন।’
এস কে ফাইমা বলেন, ‘বাংলাদেশে সর্বপ্রথম মহিলা বাস সার্ভিসের ইতিহাস রচনা হয়েছে। আর আমি একজন সিলেটের মেয়ে হিসেবে, আমার দুলাভাইয়ের শালী হিসেবে নিজেকে গর্বিত মনে করছি।’
তিনি বলেন, বিআরটিসিতে দোতলা বাসে এখন আমি শুরু করেছি। যেহেতু আমাদের হেভি লাইসেন্স আছে, আমরা এটাতে সার্ভিস শুরু করেছি।
তিনি আরও বলেন, আমি আশা করব মেট্রো রেলের মতো জায়গাতে যাতে আমরা সেবা দিতে পারি, মন্ত্রণালয় যাতে আমাদেরকে সুযোগ করে দেয়। আমাদের দুলাভাই এবং আপুর কাছে আমাদের দাবি রইল।
উল্লেখ্য, প্রাথমিকভাবে রাজধানীর গুরুত্বপূর্ণ ১০টি রুটে ‘পিংক বাস‘ সার্ভিস চালু করছে বিআরটিসি। সপ্তাহে ৫ দিন বাসগুলো চলাচল করবে। রাজধানীর বাইরে বগুড়া জেলার শেরপুর–মাটিডালি রুটে ২টি এবং চট্টগ্রাম জেলার কালুরঘাট–পতেঙ্গা রুটে ২টি বাস চলবে।
এসএ