দীপ্ত নিউজ
জাতীয়

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিএনপির শোভাযাত্রা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিএনপির শোভাযাত্রা
ছবি: সংগৃহীত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টন থেকে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়েছে। এতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। র‍্যালি শুরুর আগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন তিনি।

শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে এই শোভাযাত্রা শুরু হয়।

শোভাযাত্রায় রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভীসহ আরো ঊর্ধ্বতন নেতাকর্মীরা।

এদিকে শোভাযাত্রায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে পুরো পল্টন এলাকা। ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

শোভাযাত্রাটি প্রধান বিচারপতির বাসভবনের সামনে দিয়ে কাকরাইল মোড়, হেয়ার রোড, মিন্টো রোড, ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে, বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

এ কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে নয়াপল্টন ও আশপাশের এলাকা।

শনিবার দুপুর থেকেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। রাজধানীর বিভিন্ন এলাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দেন দলটির নেতাকর্মীরা।