দেশের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন গাজীপুর–৫ আসনের সংসদ সদস্য এ. কে. এম. ফজলুল হক মিলন। তিনি সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত নিজের এক মাসের সম্মানী ভাতা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেয়ার ঘোষণা দিয়েছেন।
রবিবার (১২ জুলাই) গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) এবং জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আইন–শৃঙ্খলা কমিটির নিয়মিত মাসিক সভায় তিনি এ ঘোষণা দেন।
একই সঙ্গে সভায় উপস্থিত সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকলের প্রতি বন্যাদুর্গত মানুষের সহায়তায় যার যার অবস্থান থেকে অন্তত এক দিনের বেতন অনুদান হিসেবে দেয়ারও আহ্বান জানান গাজীপুরের এই সংসদ সদস্য।
এমপি ফজলুল হক মিলন বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক ও মানবিক দায়িত্ব।