বুধবার, মার্চ ১৮, ২০২৬
বুধবার, মার্চ ১৮, ২০২৬

পুতিনকে হত্যাচেষ্টার অভিযোগ রাশিয়ার, অস্বীকার জেলেনস্কির

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনে ড্রোন হামলার চেষ্টা করেছে ইউক্রেন। ওই হামলার উদ্দেশ্য ছিল প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যা করা। এমনটাই অভিযোগ করেছে মস্কো।

আল জাজিরার প্রতিবেদন মতে, বুধবার (৩ মে) ক্রেমলিনের পক্ষ থেকে এই অভিযোগ করা হয়। বলা হয়, প্রেসিডেন্ট পুতিনকে হত্যার লক্ষ্যে মঙ্গলবার (২ মে) রাতভর ড্রোন হামলার চেষ্টা করেছে ইউক্রেন। রাশিয়ার বিভিন্ন সংবাদ সংস্থায় এ খবর প্রকাশ করা হয়েছে।

রুশ প্রেসিডেন্টে ভ্লাদিমির পুতিনকে হত্যাচেষ্টা বা ক্রেমলিনে ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করেছেন ভলোদিমির জেলেনস্কি। ফিনল্যান্ড সফর থেকে এ বিষয়ে দ্রুত মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। খবর বিবিসি।

বুধবার (৩ মে) জেলেনস্কি বলেন, আমরা পুতিন বা মস্কোর ওপর আক্রমণ করি না। আমরা নিজেদের ভূখণ্ডে যুদ্ধ করি। আমাদের গ্রাম ও শহর রক্ষা করছি।

ইউক্রেনের প্রেসিডেন্ট দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা মিখাইলো পোডেলিয়াকও রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই ঘটনার সঙ্গে তার দেশের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন।

মিখাইলো পোডেলিয়াক এক টুইটবার্তায় রাশিয়ার তোলা অভিযোগকে উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে বলেন, ‘এটা স্পষ্টত রাশিয়ার বড় ধরনের সন্ত্রাসী হামলার প্রস্তুতির অংশ।’

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন রাশিয়ার অভিযোগের বিষয়ে সন্দেহ প্রকাশ করে বলেন, ‘আমি খবরটি দেখেছি। আমি এটিকে সঠিক বলতে পারি না। কারণ আমরা এই ব্যাপারে কিছু জানি না।’ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই কথা বলেন।

রাশিয়ার একটি সূত্র জানায়, ক্রেমলিনের যে সরকারি ভবনে হামলা হয়েছে সেখানে পুতিন রাতে অবস্থান করেন না। অফিস সময়ে সেখানে যান এবং কাজ শেষে ফিরে আসেন। ঘটনার সময়ও পুতিন সেখানে ছিলেন না।

আফ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More