
নোবেল পুরস্কার না দেওয়ায় নরওয়েকে ‘জঘন্য দেশ’ বললেন ট্রাম্প

নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার ক্ষোভে নরওয়ের বিরুদ্ধে আবারও আক্রমণাত্মক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার দেশটিকে ‘জঘন্য দেশ’ বলে আখ্যা দিয়েছেন তিনি। একইসঙ্গে নরওয়ের অভিবাসীদের যুক্তরাষ্ট্রে স্বাগত জানানো হবে না বলেও মন্তব্য করেছেন তিনি।
রবিবার (২৫ অক্টোবর) মিশিগান অঙ্গরাজ্যের পোর্ট হুরনে এক রাজনৈতিক সমাবেশে ট্রাম্প এ মন্তব্য করেন। আগামী সপ্তাহের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে এ সমাবেশের আয়োজন করা হয়।
ফ্রান্সের সাম্প্রতিক অস্থিরতার জন্য অভিবাসনকে দায়ী করে ট্রাম্প বলেন, তিনি কিছু দেশের অভিবাসীদের যুক্তরাষ্ট্রে স্বাগত জানালেও নরওয়ের কাউকে তিনি চান না।
তিনি বলেন, ‘কারণ আমি নোবেল পুরস্কার পাইনি… তাই নরওয়ে থেকে কাউকে চাই না।’
তিনি আরও বলেন, ‘নরওয়ে আসলে একটি জঘন্য দেশে পরিণত হয়েছে’। এর আগে হাইতি, লিবিয়া, সোমালিয়া ও ইয়েমেনের ক্ষেত্রেও তিনি একই ধরনের অবমাননাকর শব্দ ব্যবহার করেছিলেন।
তবে নরওয়ের অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের বিষয়ে ট্রাম্প প্রশাসন নতুন কোনো সরকারি নীতি গ্রহণ করছে—এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।
ট্রাম্প নরওয়ের পরিস্থিতি নিয়ে কটূক্তি করলেও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) তথ্যানুযায়ী, মাথাপিছু জিডিপির বিচারে নরওয়ে সর্বোচ্চ আয়ের দেশগুলোর একটি। ২০২৬ সালের প্রথমার্ধে নরওয়ের সার্বভৌম সম্পদ তহবিল ১ দশমিক ৭৫ ট্রিলিয়ন নরওয়েজীয় ক্রোনার (১৮৪ দশমিক ৩ বিলিয়ন ডলার) রেকর্ড মুনাফা করেছে।
উল্লেখ্য, এর আগে চলতি মাসের শুরুর দিকেও তাকে নোবেল না দেওয়ায় সেটাকে নরওয়ের জন্য একটি ‘মুছে না যাওয়ার মতো কলঙ্ক’ বলে আখ্যা দিয়েছিলেন তিনি।
ডোনাল্ড ট্রাম্পের এই বিতর্কিত মন্তব্য নিয়ে নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা অসলোর নোবেল কমিটি তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। সূত্র: আরব নিউজ






এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।