সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সফলতার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে নেপালের প্রধানমন্ত্রী এ অভিনন্দন জানান।
সুশীলা কারকি লেখেন, ‘নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কে অসাধারণ বিজয়ে নেতৃত্ব দেয়ার জন্য আমি তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাই।’
ভবিষতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার আশাবাদ ব্যক্ত করে তিনি লিখেছেন, ‘আমাদের প্রতিবেশীর সম্পর্ক জোরদার করতে এবং পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে সহযোগিতা সুসংহত করতে আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য আমি উন্মুখ হয়ে আছি।’
সংসদ নির্বাচনের সফল আয়োজনের জন্য বাংলাদেশ সরকার এবং জনগণকেও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন সুশীলা কারকি।