আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় নির্বাচনের দিন ইন্টারনেট সচল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল ( অবঃ) জাহাঙ্গীর আলম চৌধুরী।
রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামে নির্বাচন সংক্রান্ত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এ সভা হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমাদের পরিকল্পনা হলো এটা খোলা থাকবে। ইন্টারনেট যদি কেউ বন্ধ করে, আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসব।’
তিনি বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা আমাদের জাতীয় অঙ্গীকার।’
তিনি আরও বলেন, ‘নির্বাচন ঘিরে চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর যে প্রস্তুতি রয়েছে তা সন্তোষজনক। পরিকল্পনা অনুযায়ী এগোতে পারলে নির্বাচন সুষ্ঠু, উৎসবমুখর ও নিরপেক্ষ হবে।’
সাংবাদিকদের উদ্দেশে জাহাঙ্গীর আলম বলেন, ‘সত্যি কথা প্রকাশ করার জন্যই তো আপনারা। আপনারা যদি সত্য তথ্য প্রকাশ করতে না পারেন, জনগণ সঠিক তথ্য পাবে না। তাই আমরা চাই, সাংবাদিক স্বাধীনভাবে কাজ করুক, সত্য কথা বলুক।’
সভায় স্বরাষ্ট্রসচিব নাসিমুল গণি, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো. আহসান হাবীব পলাশসহ আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসএ