ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেয়া ডা. তাসনিম জারা নির্বাচনী তহবিলে প্রাপ্ত অনুদানের অর্থ ফেরত দেয়ার ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
পোস্টে তাসনিম জারা লেখেন, নির্বাচনী তহবিলে অনুদান দেয়ার জন্য তিনি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞ। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের প্রেক্ষাপটে যারা তাদের দেয়া অনুদান ফেরত পেতে চান, তারা নির্দিষ্ট ফর্ম পূরণ করে অর্থ গ্রহণ করতে পারবেন।
তিনি জানান, যারা ব্যাংকের মাধ্যমে অনুদান দিয়েছেন, তারা নির্ধারিত অনলাইন ফর্ম পূরণ করে আবেদন করতে পারবেন। আর যারা সরাসরি ব্যাংকে নগদ অর্থ জমা দিয়েছিলেন, তাদের ডিপোজিট স্লিপ হারিয়ে গেলেও বা না থাকলেও আবেদন করার সুযোগ থাকবে। সেক্ষেত্রে অতিরিক্ত যাচাই–বাছাই প্রক্রিয়ার মাধ্যমে অর্থ ফেরত দেয়া হবে।
এছাড়া বিকাশের মাধ্যমে অনুদান প্রদানকারীদের জন্য আলাদা ফর্মের ব্যবস্থাও রাখা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ফর্ম জমা দেয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ মার্চ ২০২৬।