নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেওয়া হয়েছে। উত্তর–পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটির প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলাগুলোতে গত তিন দিন ধরে বৃষ্টি অব্যাহত রয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরগুলোকে দেখানো ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত আজও অব্যাহত রেখেছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৯ মে) আবহাওয়ার এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর–পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকা এবং উত্তর–পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে।

সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪৬৫ কিলোমিটার, পায়রা সমুদ্রবন্দর থেকে ৫৩০ কিলোমিটার, মংলা সমুদ্রবন্দর থেকে ৫২০ কিলোমিটার এবং কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪২৫ কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ–পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর বা উত্তর–পূর্ব দিকে অগ্রসর হতে পারে।

নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে গড়ে একটানা সর্বোচ্চ দমকা হাওয়ার বেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা আকারে ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

পাশাপাশি উত্তর–পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়েই থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More