জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহা‘র প্রধান জামাতে অংশ নিয়ে একসঙ্গে নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৮ মে) পূর্বনির্ধারিত সময় অনুযায়ী সকাল সাড়ে ৭টায় প্রধান জামাত শুরু হয়।
এর আগে ঈদ জামাতে অংশ নিতে সকাল ৭টা ১৯ মিনিটে জাতীয় ঈদগাহে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপরই ৭টা ২৭ মিনিটে আসেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
এ ছাড়াও জাতীয় সংসদ স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, ঢাকাস্থ বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিশিষ্ট নাগরিকসহ সর্বস্তরের মুসল্লিরা প্রধান জামাতে ঈদ নামাজ আদায় করছেন।
জাতীয় ঈদগাহ ময়দানে সর্বমোট ১২১টি কাতারের ব্যবস্থা রাখা হয়। এর মধ্যে ভিআইপি পুরুষদের জন্য ৫টি ও নারীদের জন্য ১টি কাতার, সাধারণ পুরুষ মুসল্লিদের জন্য ৬৫টি বড় কাতার এবং নারী মুসল্লিদের জন্য ৫০টি ছোট কাতারের আয়োজন করা হয়।
এসএ