
নতুন চাকরিতে যোগ দিয়ে বাড়ি ফেরা হলো না আনোয়ারের

নতুন চাকরিতে যোগ দিয়ে বাড়ি ফিরছিলেন আনোয়ার হোসেন (৩০)। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর ৫টার দিকে বাড়ি ফেরার আগেই নাটোর জেলার বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।
আনোয়ার রাজশাহী জেলার বাগমারা উপজেলার শ্রীপুর ইউনিয়নের চাঁইপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ঢাকায় একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। সম্প্রতি একটি প্রকল্পে নতুন চাকরিতে যোগ দিয়েছিলেন। নাটোর–রাজশাহী মহাসড়কের পুঠিয়া এলাকায় বাস থেকে নেমে বাড়ি পৌঁছানোর কথা ছিল তার।
আনোয়ারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বাড়িতে শোকের মাতম শুরু হয়। তার স্ত্রী ফাতেমা বিবি দুই সন্তানকে নিয়ে উপজেলার কনোপাড়া গ্রামে বাবার বাড়িতে ছিলেন। সেখানেই তিনি স্বামীর মৃত্যুর খবর পান। পরে সন্তানদের নিয়ে স্বামীর বাড়িতে ফিরলেও শোকে বারবার জ্ঞান হারাচ্ছিলেন।
বাগমারা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, আনোয়ারের মৃত্যুর খবর পাওয়ার পর তার পরিবারকে জানানো হয়েছে। মরদেহ হস্তান্তরের জন্য থানা–পুলিশ বনপাড়া হাইওয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছে।
হাইওয়ে পুলিশ জানায়, বরগুনা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী ‘আরপি পরিবহনের‘ বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়। পরে হাসপাতাল নেয়ার পর আরও ৫ জনের মৃত্যু হয়।
এসএ








এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।