
নওগাঁ-২ আসনে নৌকার প্রার্থী শহীদুজ্জামান বিজয়ী

স্থগিত হওয়া নওগাঁ–২ আসনে আওয়ামী লীগের প্রার্থী শহীদুজ্জামান সরকার বিজয়ী হয়েছেন।
সোমবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. গোলাম মওলা বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
পত্মীতলা–ধামইরহাট উপজেলা নিয়ে গঠিত এ আসন। নির্বাচনে শহীদুজ্জামান সরকার পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৯৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের প্রার্থী আখতারুল আলম পেয়েছেন ৭৪ হাজার ৩৮১ ভোট।
এছাড়াও নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করা জাতীয় পার্টির তোফাজ্জল হোসেন পেয়েছেন ৪ হাজার ৮৪ ভোট ও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মেহেদী মাহমুদ রেজা ১ হাজার ৪২৬ ভোট পেয়েছেন।
এর আগে সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতহীনভাবে ১২৪টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
আসনটিতে মোট ভোটার ছিলো ৩ লাখ ৫৬ হাজার ১৩২জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৭ হাজার ৫৭২ জন এবং নারী ভোটার ১ লাখ ৭৮ হাজার ৫৫৯ জন। মোট ভোট পড়েছে ৫৭ দশমিক ১১ শতাংশ।
উল্লেখ্য গত ২৯ ডিসেম্বর এই আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যুতে নির্বাচন স্বগিত ঘোষনা করেন নির্বাচন কমিশন (ইসি)।






এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।