নৌ পুলিশের সময়োচিত সতর্কতা ও দ্রুত পদক্ষেপের কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে এক ভয়াবহ বাস দুর্ঘটনা থেকে প্রাণ রক্ষা পেয়েছেন অর্ধশতাধিক যাত্রী। শুক্রবার (৫ জুন) সকালে দৌলতদিয়া ঘাটের ৭ নম্বর পন্টুনে এ ঘটনা ঘটে। নৌ পুলিশ মিডিয়া শাখা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি দূরপাল্লার বাস ফেরিতে ওঠার উদ্দেশ্যে পন্টুনের দিকে আসছিল। পন্টুনে নামার আগেই সেখানে দায়িত্বরত দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা বাসটি থামিয়ে যাত্রীদের দ্রুত নেমে যাওয়ার নির্দেশ দেন। যাত্রীরা নিরাপদ দূরত্বে সরে যাওয়ার পর বাসের চালক ও হেলপার গাড়িটি নিয়ে ফেরিতে ওঠার চেষ্টা করলে বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যায়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বাসটি নদীতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কর্তব্যরত নৌ পুলিশের সদস্যরা তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করেন এবং বাসের চালক ও হেলপারকে জীবিত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার পর ঘাটে উপস্থিত যাত্রী ও সাধারণ মানুষ নৌ পুলিশের সময়োচিত পদক্ষেপের প্রশংসা করেন।