মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘দফা এক, দাবি এক— মিলনের পদত্যাগ’ স্লোগানে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধন করার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধন করার অভিযোগ তুলে এর প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

এ সময় শিক্ষার্থীদের ‘দফা এক দাবি এক, মিলনের পদত্যাগ’; ‘এক দুই তিন চার, মিলন তুই গদি ছাড়’; ‘আমি কে তুমি কে, ফার্মের মুরগি, ফার্মের মুরগি’; ‘আপস না সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম’ ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।

ঘটনাস্থল ঘুরে দেখা যায়, সায়েন্সল্যাব মোড়ে কয়েকশ শিক্ষার্থী সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। সড়কের ওপর বসে ও দাঁড়িয়ে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত কয়েক দিনের ভারী বৃষ্টিতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এর মধ্যেই এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় অনেক শিক্ষার্থীকে পানি, কাদা পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে যেতে হয়েছে। কেউ কেউ নৌকায় করে কেন্দ্রে পৌঁছেছেন। এতে পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক চাপের মধ্যে পরীক্ষা দিতে হয়েছে।

বিক্ষোভে অংশ নেয়া ঢাকা কলেজ শিক্ষার্থী রবিউল বলেন, আমরা পরীক্ষা দিতে আপত্তি করছি না। কিন্তু সবার জন্য সমান সুযোগ নিশ্চিত না করে পরীক্ষা নেয়া হয়েছে। বন্যাকবলিত এলাকার অনেক শিক্ষার্থী স্বাভাবিকভাবে কেন্দ্রে যেতে পারেনি। তাই আমরা এই সিদ্ধান্তের প্রতিবাদ করছি।

ধানমন্ডি আইডিয়াল কলেজ শিক্ষার্থী রাব্বি মিয়া বলেন, গতকালের ভোগান্তির দায় শিক্ষা মন্ত্রণালয় এড়াতে পারে না। আমরা চাই, শিক্ষার্থীদের কষ্টের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হোক এবং দায়িত্বশীলদের জবাবদিহির আওতায় আনা হোক।

এদিকে অবরোধ কেন্দ্র করে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে দেখা যায়। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা দেখা যায়নি।

শিক্ষার্থীদের অবরোধের কারণে ধানমন্ডিনিউমার্কেট সড়ক ও সংলগ্ন এলাকায় দেখা দিয়েছে তীব্র যানজট। সড়কের দুইপাশে থেমে আছে সারি সারি যানবাহন। কর্মদিবসে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন বিভিন্ন গন্তব্যের মানুষ। অনেকেই বাধ্য হয়ে যানবাহন থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা দেন।

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More