অভিযান চালিয়ে ৬০ বোতল অবৈধ মদ উদ্ধার করেছিল পুলিশ। আইনি প্রক্রিয়ার কারণে তা আদালতে পেশ করার কথা ছিল, কিন্তু তা সম্ভব হয়নি। কারণ হিসেবে বিচারকদের সামনে আজব দাবি করলেন পুলিশকর্মীরা।
তারা জানান, ওই মদ ‘ডাকাতি’ করেছে একদল ইঁদুর! খোঁজ করে এখনও পর্যন্ত অভিযুক্ত একটি ইঁদুরকে ‘গ্রেপ্তার’ করেছেন। এমন ঘটনাও কি আদৌ সম্ভব? ভারতের মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া জেলার কোতোয়ালি থানায় এমন ঘটনা ঘটেছে বলেই দাবি করছেন থানার পুলিশকর্মীরা।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, কোতোয়ালি থানার পুলিশ একটি অভিযানে ৬০ বোতল অবৈধ মদ উদ্ধার করে। থানার গুদাম রাখা হয়েছিল বাজেয়াপ্ত ওই মদের বোতলগুলো। কিন্তু সেখানে মাত্রাতিরিক্ত ইঁদুরের দৌরাত্ম্য। আদালতে পুলিশ দাবি করল, তারা খালি বোতল দাখিল করতে পারবে, কারণ মদ খেয়ে ফেলেছে একটি ইঁদুর।
ফাঁদ পেতে একটি ইঁদুরকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে বলেও জানানো হয়।
প্রসঙ্গত, ইঁদুরের বিরুদ্ধে পুলিশের বাজেয়াপ্ত করা মদ খাওয়ার অভিযোগ এই প্রথম নয়। এর আগে মধ্যপ্রদেশের শাজাপুর জেলা আদালতেও পুলিশ এমন একটি অভিযোগ তুলেছিল। তখন এজলাসে থাকা বিচারক এবং উপস্থিতিরা হাসিতে ফেটে পড়েছিলেন।
আল/ দীপ্ত সংবাদ