বাসায় তেলাপোকা ছাড়তে দিলে ২ হাজার ডলার দেবে, যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার একটি কোম্পানি। মানুষ ও পোষা প্রাণীর জন্য নিরাপত্তা নিশ্চিত কোরে তেলাপোকা দমনের উপায় বের করার লক্ষ্যে গবেষণা চালানোর জন্য এ উদ্যোগ নিয়েছে কোম্পানিটি।
বিশ্বব্যাপী ৪ হাজারের বেশি প্রজাতির তেলাপোকা রয়েছে। তবে, যুক্তরাষ্ট্রের তেলাপোকাগুলো বিচিত্র ধরণের। তাদের শক্ত খোসা, স্থিতিস্থাপকতা এবং প্রজনন ক্ষমতা দ্রুত হওয়ায়, তাদের থেকে পরিত্রাণ পাওয়া কঠিন। এ অবস্থায় পোকা–মাকড় দমনে নিজস্ব পদ্ধতি কতটা কার্যকর তা পরীক্ষা করে দেখার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার ওষুধ কোম্পানি দ্যা পেস্ট ইনফরমার। বাসায় ১০০টি তেলাপোকা ছাড়তে দিলে, বিনিময়ে বাড়ির মালিকদের ২ হাজার ডলার বা প্রায় ১ লাখ ৮৮ হাজার টাকা দেয়ার প্রস্তাব দিয়েছে কোম্পানিটি।
গবেষণাটির জন্য পাঁচ–সাতটি বাড়ির মালিককে বেছে নেয়া হবে। প্রস্তাব গ্রহণের জন্য কিছু শর্তও দিয়েছে কোম্পানিটি। প্রস্তাবগ্রহণকারীর বয়স কমপক্ষে ২১ বছর হতে হবে। তাকে বাড়ির মালিক বা মালিকের থেকে লিখিত অনুমতি নিতে হবে। পরীক্ষা চলাকালীন সময়ে অন্য কোনো উপায়ে তেলাপোকা দমনের চেষ্টা করা যাবে না। পরীক্ষা চলবে ৩০ দিন।
পোষা প্রাণির ক্ষতি না কোরে কিট–পতঙ্গ নির্মূলের উপায় বের করতে গত ২৬ বছর ধরে কাজ করছে দ্যা পেস্ট ইনফরমার। তবে এবার তেলাপোকা দমনে তারা কি পদ্ধতি ব্যবহার করবে তা জানানো হয়নি।
আল/দীপ্ত সংবাদ