
তুরাগ নদ থেকে সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মরদেহ উদ্ধার

নিখোঁজ হওয়ার এক দিন পর তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি (২৮)’র মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
বুধবার (২৮ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে উত্তরখান থানার রাজাবাড়ী এলাকার তুরাগ নদের ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মরদেহের পরনে সাদা পায়জামা ও কালো জামা এবং হাতে ঘড়ি ও পকেটে আইফোন পাওয়া যায়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেন নৌ পুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ি পরিদর্শক ফিরোজ উদ্দিন।
তাহসিফ সাউরি উত্তরা ১৮ নম্বর সেক্টর এলাকায় বসবাস করতেন। গত মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে তিনি নিখোঁজ হন।
নৌ পুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ি পরিদর্শক ফিরোজ উদ্দিন বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ খবর পেয়ে গতকাল বিকাল সাড়ে চারটার দিকে টঙ্গী ফাঁড়ির নৌ পুলিশ তুরাগ নদের রাজাবাড়ি ঘাটসংলগ্ন নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে বলা যাবে বলে উল্লেখ করেন নৌ পুলিশের কর্মকর্তা ফিরোজ উদ্দিন।
তিনি বলেন, তাহসিফ সপরিবার উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে থাকতেন। গত মঙ্গলবার তিনি নিখোঁজ হন। তাঁর বাবার নাম কে এম এনায়েত হেলাল।
উল্লেখ্র, ২০২৪ সালের ৫ অগাস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুর্মিটোলা বিমানবন্দর থেকে উড়োজাহাজে করে দেশত্যাগের যে ভিডিওটি ছড়িয়ে পড়ে, সেটি তাহসিফ সাউরি ধারণ করেছিলেন বলে আলোচনা রয়েছে।
এসএ






এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।